আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :
জামালপুরে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি সংঘ, জামালপুর’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর ‘শরৎ আবৃত্তি সন্ধ্যা’। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হলঘরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একক, দ্বৈত ও বৃন্দ আবৃত্তিতে অংশ নেন জেলার পরিচিত বাচিক ও অভিনয়শিল্পীরা। শিল্পীদের কণ্ঠমাধুর্য, আবেগ, বিষয়ানুগ ভাবপ্রকাশ ও আবৃত্তির নান্দনিকতায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।
প্রায় দুই ঘণ্টার এ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হলঘর ছিল সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতায় পূর্ণ। জামালপুর সদর ছাড়াও মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা থেকে সংস্কৃতিপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।
জয়শ্রী ঘোষ ও জাকিরুল হক মিন্টুর সঞ্চালনায় অনন্যা, সাগর, সারা, জলিল, মিথুন, রুবেল, লাকি, মারুফাসহ বিভিন্ন শিল্পী আবৃত্তি পরিবেশন করেন। বাঁশি ও কী-বোর্ডের সুরে অনুষ্ঠানে হৃদয়গ্রাহী আবহসংগীত পরিবেশন করেন জেলার সংগীতব্যক্তিত্ব এম আর মুন্না।
আয়োজনের নেপথ্যে থেকে জেলার বিভিন্ন বাচিকশিল্পীকে এক মঞ্চে নিয়ে আসা এবং অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আবৃত্তি সংঘ, জামালপুরের আহ্বায়ক মিনহাজ উদ্দিন শপথ ও সদস্যসচিব ফারুক আহমেদ।
সংগঠনের আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে আবৃত্তিচর্চার প্রসার ঘটবে এবং নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়বে।