আবু সায়েম জামালপুর জেলা প্রতিনিধি,
জামালপুরে টানা তিন দিন আমরণ অনশনের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। অনশনে থাকা ৫১ জন প্রার্থীর মধ্যে ৪৪ জনের চূড়ান্ত নিয়োগ প্রকাশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এর মধ্যে বাদ পড়েছেন ৭ জন প্রার্থী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫টার দিকে অনলাইনে এ নিয়োগের তালিকা প্রকাশ করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জামালপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মোট ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে প্রথম ধাপে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর ৮৪ জন এবং দ্বিতীয় ধাপে ২৮ সেপ্টেম্বর একজনসহ মোট ৮৫ জন নিয়োগপত্র পান। তবে বাকি ৫১ জন সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগবঞ্চিত ছিলেন।
এ অবস্থায় নিয়োগবঞ্চিত ৫১ জন প্রার্থী গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে আমরণ অনশন শুরু করেন।
তবে তাদের আমরণ অনশন নিয়ে বিভিন্ন প্রশ্নও উঠেছে। অনশন চলাকালে কয়েকজনকে প্রকাশ্যে খাবার গ্রহণ করতে দেখা গেছে এবং রাতে বাড়িতে গিয়ে সকালে আবার অনশনে যোগ দেওয়ার অভিযোগও রয়েছে।
অনশনের তিন দিন পর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিভিন্ন উপজেলার ৪৪ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে নিয়োগ পরীক্ষায় বকশীগঞ্জ উপজেলার মেধাতালিকায় প্রথম স্থানে থাকা ইসরাফিল ইসলাম রতনসহ ৭ জন প্রার্থী বাদ পড়েছেন।
ইসরাফিল ইসলাম রতন বলেন, “আমি একজন কৃষকের সন্তান। চাকরির বিষয়ে আমি কোনো দুর্নীতি করিনি। আমি রাজনীতি করি না, আমার পরিবারের কেউও রাজনীতি করে না। আমার উপজেলায় মেধাতালিকায় প্রথম হওয়ার পরও কেন বাদ পড়লাম, তা বুঝতে পারছি না। আমি প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই।”
এ বিষয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, “গত কয়েকদিন ধরে আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এর বাইরে আমাদের আর কিছু বলার বা করার নেই।”