বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা
পঞ্চগড় জেলা প্রতিনিধি
মোঃশাকিল আহমেদ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পঞ্চগড়ের বোদায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল—“শিক্ষকদের পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার নিশ্চয়তা”। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বোদার আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযান ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বোদা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আবদুল্লাহ মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পঞ্চগড় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও বোদা পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা. মজিদা বেগমসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা গেলে তারা আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষক সমাজের অবদান আরও কার্যকর হবে।
সভায় শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা, অধিকার সংরক্ষণ এবং শিক্ষার উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।