নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৬নং ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আঃ রউফ ভূইয়া সহ পাশাপাশি দুই বাড়িতে অজ্ঞাত ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছে।
গত মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত ডাকাতদল সাদা কাগজে “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু” ১৫-০৪-২০২৫ এই কথা লিখে বাড়ির দেয়ালে চিরকুট টানিয়ে রাখে। এই দৃশ্য দেখে সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আঃ রউফ বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানান। এই ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে , পরবর্তীতে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমানকে অবগত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী হাজী আমির হোসেন ভূইয়া জানান, এক সপ্তাহ আগে অজ্ঞাত ডাকাতরা আমার বাড়িতে ও দলিল লিখক আঃ রউফ ভূইয়ার বাড়িতে ডাকাতি করবে এ কথা লিখে চিঠি রেখেগেছে। পরবর্তীতে আবারো গত মঙ্গলবার গভীর রাতে আমাদের বাড়ির দেয়ালে সাদা কাগজে “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু , তোদের কাছের মানুষ” এই কথা লিখে রাখে। এঘটনার পর আমরা পরিবার নিয়ে আতংকের মধ্যে আছি। তিনি আরও বলেন, আমাদের সাথে কারো কোন শত্রুতা নেই, তবে জায়গা জমি নিয়ে প্রতিবেশির সাথে মামলা চলমান আছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান জানান, চিঠি দিয়ে ডাকাতি করবে এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।