নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের ঈদ শুভেচ্ছা বার্তার ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সরে জমিনে উপজেলার সোনাখালী এলাকায় গিয়ে দেখা যায়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে লাগানো আতাউর রহমানের বেশ কয়েকটি ঈদ শুভেচ্ছা সম্বলিত ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ঈদকে সামনে রেখে শুভেচ্ছা জানাতে বিভিন্ন স্থানে ফেস্টুন ও ব্যানার টানানো হয়েছিল। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এসব ফেস্টুন ছিঁড়ে ফেলেছে, যা অত্যন্ত নিন্দনীয়।
এ বিষয়ে এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।