নিজস্ব প্রতিবেদক,,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ গোল্ডেন ও উত্তীর্ণ এবং দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোশারফ হোসেন বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি তাদের সৎ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কৃতী শিক্ষার্থীদের এই সাফল্য অন্যদেরও লেখাপড়ায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহিত করা আমাদের সামাজিক দায়িত্ব। আজ যারা সম্মাননা পেয়েছে, ভবিষ্যতে তারা নিজেদের যোগ্যতা দিয়ে পরিবার, সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজমা সুলতানা, সোনারগাঁ পৌরসভা বিএনপির সহ-সভাপতি হাজী মো. জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সমাজসেবক মো. আফাজউদ্দিন এবং সোনারগাঁ উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মোসা. রাহিমা আখতার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ও আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেলিম, প্রচার সম্পাদক জসিমউদ্দীন এবং যুবদল নেতা সজীবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দত্তপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. কবির হোসেন।
পরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান। পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।