নিজস্ব প্রতিবেদক,,
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মোট ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদ্যাপনে সহযোগিতার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

পরিদর্শনকালে আব্দুল্লাহ আল মামুন পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, পূজার আয়োজন ও প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

তিনি আরও বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় পূজামণ্ডপগুলোর আয়োজক কমিটির সদস্যরা আর্থিক সহযোগিতা ও খোঁজখবর নেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, জনপ্রতিনিধিদের এমন সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে বৈদ্যেরবাজার ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে। ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের মধ্য দিয়ে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে।