মোঃশাকিল আহমেদ জেলা প্রতিনিধি, পঞ্চগড়
পঞ্চগড়ে ভূমিসেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা অযথা বিলম্বের শিকার না হন, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ভূমি অফিসের কার্যক্রমে অনিয়ম, দীর্ঘসূত্রতা ও সেবাগ্রহীতাদের ভোগান্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি।
রবিবার (৮ নভেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের অধীন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় আকস্মিক পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে তিনি কার্যালয়ের বিভিন্ন রেজিস্টার, নামজারি কার্যক্রম এবং ভূমি উন্নয়ন কর আদায়ের প্রক্রিয়া ঘুরে দেখেন। পাশাপাশি ভূমিসেবার মান ও সেবাগ্রহীতাদের ভোগান্তির বিষয়টি সরেজমিনে যাচাই করেন।
সাধারণ মানুষ নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন কি না, তা জানতে প্রতিমন্ত্রী সরাসরি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, “দাপ্তরিক কাজে কোনো ধরনের দীর্ঘসূত্রতা, অনিয়ম ও হয়রানি বরদাস্ত করা হবে না।” একই সঙ্গে ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ভূমিসেবাকে আরও দ্রুত, উন্নত ও জনবান্ধব করতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন প্রতিমন্ত্রী।
জনগণের ভোগান্তি কমানো এবং সরকারি সেবার মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি উপস্থিত ছিলেন।