মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের ৩য় তলায় শিশু বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
আজ রবিবার (২২ নভেম্বর) সকালে হাসপাতালের নতুন ভবনের ৩য় তলায় শিশু বিভাগের কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
উদ্বোধন শেষে তিনি শিশু বিভাগের ৩টি কেবিনসহ প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেবার মান বাড়ানোসহ শিশুদের সার্বিক চিকিৎসায় আরও বেশি যত্নবান হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নূর আলম, গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) এসডিই-১ (সিভিল) নুরুল হাসান সোহান এবং এসডিই (ইলেকট্রিক অ্যান্ড মেকানিক্স) শাহরিয়া আরেফিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই শিশু বিভাগটি চালু হওয়া। নতুন ভবনের আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে এখন থেকে জেলার শিশুরা আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে। চিকিৎসক ও নার্সদের প্রতি অনুরোধ থাকবে, যেন প্রতিটি শিশুকে সর্বোচ্চ আন্তরিকতা ও মমতা দিয়ে সেবা দেওয়া হয়।”
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন, “নতুন ভবনের ৩য় তলায় কেবিন ও ওয়ার্ডসহ শিশু বিভাগটি চালু হওয়ায় আমাদের সেবার পরিধি আরও বাড়ল। সীমিত জনবলের মধ্যেও আমরা শিশুদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”উল্লখ্য শিশু ওয়ার্ডে অনুমোদিত ২০টি বেড হলেও জায়গা বেশি থাকায় পেয়িং বেডসহ ৩৪টি বেড রয়েছে বলে জানান তত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম।