নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাটন মোবাইল ফোন চুরির মিথ্যা অপবাদে শরীরে গরম পানি ঢেলে ৩৫ শতাংশ দগ্ধ করার ঘটনায় চিকিৎসাধীন ১৩ বছর বয়সী কিশোরী আফরিন মারা গেছে। দীর্ঘ ৪৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
নিহত আফরিন সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁওয়ের কান্দাপাড়া এলাকার জাকির হোসেন ও রওশন আরা দম্পতির মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর প্রতিবেশী মামা জাকির হোসেন ও তার স্ত্রী সোনিয়ার বিরুদ্ধে আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে। একটি বাটন মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে তার ওপর এমন অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এতে আফরিনের শরীরের প্রায় ৩৫ শতাংশ ঝলসে যায়।
ঘটনার পর গুরুতর দগ্ধ অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা চলার পরও তার শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। দীর্ঘ ৪৮ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মামা ও মামীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মাত্র ১৩ বছর বয়সী আফরিনের এমন মর্মান্তিক মৃত্যুতে মঙ্গলেরগাঁওসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল এ ধরনের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে শিশু আফরিনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।