নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উদয়ন আদর্শ বিদ্যানিকেতন হাই স্কুলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাহিদা আক্তার, সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল হক, হাইকয়ার কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি রহমান মুজিব, বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন, পরিবেশবিজ্ঞান গবেষক ও ইমপেক্স ইকোটেক লিমিটেডের প্রতিনিধি বি. কে. হালদার পল্টন, সোনারগাঁ খালেক আজমাইন স্কুলের অধ্যক্ষ মো. কামাল মোল্লা এবং সানরাইজ কিন্ডারগার্টেনের সভাপতি মো. সিকান্দার আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের অধ্যক্ষ পারভেজ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোছা. রুমা আক্তার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সভাপতি মোছা. হেলেনা আক্তার।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।