সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। ঝটিকা মিছিল, সরকারবিরোধী স্লোগান, নাশকতার পরিকল্পনা ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা এসব মামলায় ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) রাতে প্রথম মামলাটি করেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা। এতে ৯৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। এজাহারে উল্লেখযোগ্য আসামিরা হলেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি মো. জসিম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি সগির মিয়া।
অন্যদিকে, শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে দ্বিতীয় মামলাটি করেন থানার আরেক উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া। এ মামলায় ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, আবু নাঈম ইকবাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ এবং মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসকে সজিবসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা ঝটিকা মিছিল বের করে সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেন। এ ছাড়া দেশকে অস্থিতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে বাস ও ট্রাকে অগ্নিসংযোগসহ নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক মামলা দুটির বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।