নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার রাজিয়া প্লাজার সামনে পূবালী ব্যাংক পিএলসি সোনারগাঁ উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস সোনারগাঁ’ কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ‘এক দেশ, এক QR—লেনদেনে বাংলা QR’ প্রতিপাদ্যকে সামনে রেখে নগদবিহীন ডিজিটাল লেনদেন ব্যবস্থার প্রসারে ব্যাপক প্রচারণা চালানো হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পূবালী ব্যাংক পিএলসি সোনারগাঁ উপশাখার ম্যানেজার আবু সুফিয়ান-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নগদ অর্থ ছাড়াই দ্রুত, নিরাপদ ও সহজে লেনদেন নিশ্চিত করতে বাংলা QR একটি সময়োপযোগী ও আধুনিক উদ্যোগ। তারা ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন আর্থিক লেনদেনে বাংলা QR ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনিরুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, নারায়ণগঞ্জ অঞ্চল, পূবালী ব্যাংক পিএলসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সালাউদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক, নারায়ণগঞ্জ অঞ্চল, পূবালী ব্যাংক পিএলসি; জাহাঙ্গীর আলম, এসপিও ও শাখা ব্যবস্থাপক, ভবেরচর শাখা; মোহাম্মদ খায়রুজ্জামান, এসপিও ও শাখা ব্যবস্থাপক, সিদ্ধিরগঞ্জ শাখা; এবং মো. ওবায়েদুর রশিদ, এসও ও শাখা ব্যবস্থাপক, গজারিয়া শাখা, পূবালী ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সাইকুল ইসলাম, অফিসার, ভবেরচর শাখা, পূবালী ব্যাংক পিএলসি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, বাবুল হোসেন বিজয়সহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ‘ক্যাশলেস সোনারগাঁ’ উদ্যোগের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক আর্থিক লেনদেন নিশ্চিত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে ‘এক দেশ, এক QR—লেনদেনে বাংলা QR’ কার্যক্রমের প্রচারণায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মোগরাপাড়া চৌরাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।