ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডেঙ্গু মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সোনারগাঁও পৌরসভার উদ্যোগে ‘ডেঙ্গু মশক নিধন দিবস’ উপলক্ষে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।
এ সময় সোনারগাঁও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাহাউদ্দিন প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিযানে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না, পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
অভিযানে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।