নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।
এদিকে এমপি আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা, পূর্ণাঙ্গ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি জামে মসজিদে জুমার নামাজ শেষে আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় সোনারগাঁ উপজেলা বিএনপির নেতা ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা মসজিদে উপস্থিত মুসল্লিদের কাছে তাঁর রাজনৈতিক গুরু ও রাজনৈতিক অভিভাবক আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
মাসুম রানা বলেন, “আজহারুল ইসলাম মান্নান শুধু আমার রাজনৈতিক গুরু ও অভিভাবক নন, তিনি সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মানুষের আস্থার একজন নেতা। তাঁর অসুস্থতার খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। সবাই তাঁর জন্য দোয়া করবেন।”
পরে মসজিদের মুসল্লিরা মহান আল্লাহর দরবারে হাত তুলে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তাঁর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও সংশ্লিষ্ট সবার জন্যও দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।