মোঃশাকিল আহমেদ পঞ্চগড় প্রতিনিধি,
পঞ্চগড়ের বোদা উপজেলায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশন, বাংলাদেশের রংপুর অঞ্চলের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার মন্নাপাড়া ইমদাদুল উলুম কারিমিয়া কেরাতুল কুরআন কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআনের হাফেজ তৈরি এবং কোরআনের শিক্ষা ও আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় পঞ্চগড় জেলার বিভিন্ন মাদ্রাসার ক্ষুদে হাফেজরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা সুমধুর কণ্ঠে পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করে উপস্থিত শ্রোতা ও দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। আজকের ক্ষুদে হাফেজরাই আগামী দিনের আলোকবর্তিকা। তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের এ উদ্যোগ ধর্মীয় শিক্ষা বিস্তার, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিযোগিতায় প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি জেলা পর্যায়ের ১০ পারা অডিশনে নির্বাচিত অন্তত ১৫ জন প্রতিযোগীকে ‘ইয়েস কার্ড’ (YES Card) ও সনদপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্নাপাড়া ইমদাদুল উলুম কারিমিয়া কেরাতুল কুরআন কওমি মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার, সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, পরিচালক জান্নাতুল বারি মানিক এবং মুহতামিম আব্দুস সালাম। এ ছাড়া তারবিয়াতুল উম্মাহ
ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সদস্য, স্থানীয় ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।