মোঃশাকিল আহমেদ পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় শিক্ষার প্রসার, গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং শিক্ষাক্ষেত্রে সামাজিক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে দিনব্যাপী ‘শিক্ষা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ নভেম্বর -২০২৬ ইং তারিখ বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ)-এর আয়োজনে, গণস্বাক্ষরতা অভিযানের অর্থায়নে এবং ইয়ুথ ফোরাম ও ইয়ুথ এগেইনস্ট হাংগারের পৃষ্ঠপোষকতায় এ মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন বোদা উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।
দিনব্যাপী এ মেলায় শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা, সামাজিক ও যুব সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রায় ৫০টি স্টল স্থাপন করা হয়।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, যুব প্রতিনিধি, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা মেলায় অংশগ্রহণ করেন।
মেলায় বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ব্র্যাক স্বপ্ন সারথি কেন্দ্র, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, ইউসিবি ব্যাংক, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, বোদা সোশ্যাল ভিলেজ ডেভেলপমেন্ট, স্কাউটস বোদা, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন, স্বাস্থ্য পাঠশালা, কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল, কম্পিউটার সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
স্টলগুলোতে শিক্ষার্থীদের হাতে তৈরি শিক্ষা উপকরণ, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী ধারণা, আনন্দময় শিখন পদ্ধতি, স্বাস্থ্যশিক্ষা, ডিজিটাল প্রযুক্তি, পরিবেশ, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরা হয়।
এসব প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং বাস্তবমুখী শিক্ষার বিভিন্ন দিক প্রকাশ পায়।
এবারের শিক্ষা মেলার অন্যতম আকর্ষণ ছিল ৯ম বাংলাদেশ-শ্রীলঙ্কা যুব বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী শ্রীলঙ্কার যুব প্রতিনিধিদলের উপস্থিতি ও বিশেষ পরিবেশনা।
তারা নিজেদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি, জীবনধারা, যুব কার্যক্রম ও সৃজনশীল উদ্যোগ তুলে ধরেন। এর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের মধ্যে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সাংস্কৃতিক পরিচিতির সুযোগ সৃষ্টি হয়।
এছাড়া গ্রামীণ নারীদের তৈরি বাহারি ও ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও বিক্রয় মেলায় বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। স্থানীয় নারীদের সৃজনশীলতা ও ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতির পাশাপাশি তাদের দক্ষতা ও অংশগ্রহণের বিষয়টি তুলে ধরা হয়।
মেলায় চিত্রশিল্পী ফিরোজাল সাভার ও মোসাম্মৎ নানজিবা ইসলামের চিত্রকর্ম প্রদর্শনীও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
মেলায় স্বাস্থ্যশিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রযুক্তিনির্ভর শিক্ষা, ডিজিটাল দক্ষতা, প্রাণিসম্পদ ও জীবনমুখী শিক্ষার বিভিন্ন বিষয়ও গুরুত্ব পায়।
পাশাপাশি যুবসমাজের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, শিক্ষাকে শুধু পাঠ্যবই ও শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করা, শিক্ষার্থীদের প্রতিভা ও সম্ভাবনা বিকাশ এবং আনন্দময়, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরি করাই এ মেলার অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি বিদ্যালয়, পরিবার, সমাজ, সরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করাও এ আয়োজনের লক্ষ্য।
তারা আরও জানান, শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকা শিশু, ঝরে পড়া শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
প্রায় ৫০টি স্টলের অংশগ্রহণ, বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবনী উপস্থাপনা, শ্রীলঙ্কার যুব প্রতিনিধিদলের অংশগ্রহণ, পিঠা প্রদর্শনী ও চিত্রকর্মের সমন্বয়ে দিনব্যাপী ‘শিক্ষা মেলা ২০২৬’ বোদা উপজেলায় শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের এক মিলনমেলায় পরিণত হয়।