পঞ্চগড়প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে পৌর বিএনপির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের প্রধান প্রধান সড়কের দুই পাশে জমে থাকা বালু ও ময়লা-আবর্জনা অপসারণের কাজ চলছে।
দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকারের নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন।
অভিযানের আওতায় এশিয়ান হাইওয়ের আব্দুলপুর থেকে মডেল মসজিদ হয়ে পোস্ট অফিস মোড় পর্যন্ত এবং করতোয়া সেতু থেকে পাকুড়ীতলা পর্যন্ত সড়কের দুই পাশে জমে থাকা বালু ও আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। এতে সড়কগুলোর সৌন্দর্য ফেরার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলের ভোগান্তি কমছে। কর্মসূচিতে দেবীগঞ্জ পৌর যুবদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি দুলাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দেবীগঞ্জ পৌরসভার পরিবেশ সুন্দর ও জনসাধারণের চলাচলের উপযোগী রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কোনো একদিনের লোকদেখানো কর্মসূচি নয়; বরং পর্যায়ক্রমে পৌর এলাকার অন্যান্য সড়ক ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলেও এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখা কেবল কোনো একক ব্যক্তি বা সংগঠনের কাজ নয়, এটি নাগরিকদের সম্মিলিত দায়িত্ব। তাই একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পৌরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এদিকে, পরিচ্ছন্ন দেবীগঞ্জ গড়ার প্রত্যয়ে পৌর বিএনপির এই ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ।