নিজস্ব প্রতিবেদক,,
নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
প্রফেসর মো. আবুল কালাম বলেন, উচ্চশিক্ষার মূল লক্ষ্য শুধু সনদ অর্জন নয়, বরং নিজেকে একজন সৎ, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের নিয়মিত পাঠগ্রহণ, শৃঙ্খলা মেনে চলা এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, রাষ্ট্রবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন ক্লাসে নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, পরীক্ষার নিয়মাবলি, সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মজীবনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন।