নিজস্ব প্রতিবেদক,,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার করার চেষ্টা করছে।
শনিবার (২৭ জুন) বিকেলে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার জনপ্রিয়তায় কিছু মানুষের ঘুম হারাম হয়ে গেছে। সে কারণেই তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।”
তিনি অভিযোগ করে বলেন, আনন্দবাজার এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ঘটনায় তাকে জড়িয়ে মানববন্ধন করা হয়েছে। অথচ ওই প্রকল্প বা কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
আব্দুল্লাহ আল মামুন বলেন, “আনন্দবাজার এলাকায় কারা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে, তা স্থানীয় গ্রামবাসী সবাই জানে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে মানববন্ধনে আমার ছবি ব্যবহার করেছে। আমি কখনোই এই ড্রেজার প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না।”
তিনি আরও বলেন, “আমি নিজেও চাই, যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। কোনো অন্যায় কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না।”
বৈদ্যেরবাজার ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমি কখনো এমন কোনো কাজ করব না, যার ফলে আমার ইউনিয়নের মানুষের ক্ষতি হয়। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি কাজ করছি। আমার সাধ্যের সবটুকু দিয়ে ইউনিয়নবাসীকে সঠিক ও মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।”
তিনি সকলকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে মতামত দেওয়ার আহ্বান জানান এবং ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে পাশে থাকার জন্য সবার সহযোগিতা কামনা করেন।