নিজস্ব প্রতিবেদক,,
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলায় সুনির্দিষ্ট, নির্ভুল ও তথ্যভিত্তিক ‘ফ্যামিলি কার্ড’ প্রস্তুতের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে সোনারগাঁ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের নির্ভুলতা যাচাই এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবীর। এ ছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড প্রস্তুতের জন্য সঠিক তথ্য সংগ্রহ, তথ্যের সত্যতা যাচাই, পরিবারের প্রকৃত অবস্থা নিরূপণ এবং সংগৃহীত তথ্য যথাযথভাবে সংরক্ষণ ও উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় যাতে কোনো পরিবারের তথ্য বাদ না পড়ে এবং ভুল বা অসংগতিপূর্ণ তথ্যের কারণে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, ফ্যামিলি কার্ড প্রস্তুতের ক্ষেত্রে নির্ভুল তথ্যভান্ডার তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে তথ্য সংগ্রহের মান উন্নত হবে এবং প্রকৃত পরিবারগুলোর তথ্য সঠিকভাবে চিহ্নিত করা সহজ হবে।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা বৃদ্ধি, তথ্য সংগ্রহের কাজে সমন্বয় সাধন এবং নির্ভুল তথ্যভিত্তিক ফ্যামিলি কার্ড প্রস্তুতের কার্যক্রম আরও সুশৃঙ্খল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করার আহ্বান জানানো হয়।