প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও শ্রেষ্ঠ সমবায় সমিতির মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে এবং কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, পৌর বিএনপির সহসভাপতি হাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার এবং সাবেক সমবায় কর্মকর্তা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আসমা আক্তার। এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
পরে উপজেলার ৭৭টি সমবায় সমিতির মধ্যে শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়। এতে প্রথম স্থান অধিকার করে দত্তপাড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি। সমিতিটির সভাপতি কবির হোসেনের হাতে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার তুলে দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জন করে পল্লী সমবায় সমিতি, যার সভাপতি হোসনে আরা।
বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের ভিত্তিতে একটি স্বনির্ভর সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার পাশাপাশি সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।