নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি আল মুজাহিদ মল্লিকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সোনারগাঁও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আল আমিন। এ সময় এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা সজীব মিয়া, পৌর তাঁতীদলের সভাপতি আলী আকবর, যুবদল নেতা আবু সাঈদ, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুল হক, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৈঠকে বক্তারা বলেন, তৃণমূলের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানা এবং সে অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তারা আল মুজাহিদ মল্লিকের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ-দুঃখের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে সোনারগাঁয়ের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “রাইজদিয়াসহ সোনারগাঁয়ের প্রতিটি এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, সোনারগাঁয়ের সর্বস্তরের মানুষের জন্য কাজ করতে চাই। এজন্য আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন আল মুজাহিদ মল্লিক। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।