নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক মামলায় ৪ জন, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ জন, মাদকসেবী ১৮ জন এবং ১৫১ ধারায় ১ জনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে এসব গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় আবু সাঈদ (২৮), আব্দুল কাদির (৪১), মোছাঃ আছিয়া (৫৫) ও কাউসার (৪০) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মোফাজ্জল মিয়া, নুর হোসেন, রুহুল আমিন, সুলতান মিয়া, সাব্বির হোসেন (১৯), আলামিন ও মোহাম্মদ আলী।
বিশেষ অভিযানে মাদকসেবনের অভিযোগে আরও ১৮ জনকে আটক/গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সোনারগাঁ ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দার পাশাপাশি দেশের বিভিন্ন জেলার কয়েকজনও রয়েছেন।
অন্যদিকে, ১৫১ ধারায় মোঃ আরাফাত (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে।