নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশোধনের উদ্দেশ্যে ওই ব্যক্তির হাতে একটি পবিত্র আল কুরআন তুলে দিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে মাদক উদ্ধার ও মাদকসেবীদের আটকের লক্ষ্যে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মেনীখালী ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানকালে মাদকসেবী মো. জাহিদ হাসান (২৮)-কে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার পুরাতন বন্দর এলাকার আব্দুল বাতেনের ছেলে।
পরে আটক জাহিদ হাসানকে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় কারাদণ্ডের পাশাপাশি তাকে মাদক থেকে দূরে থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে সংশোধনের উদ্দেশ্যে একটি পবিত্র আল কুরআন প্রদান করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।