ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ইতিপূর্বেও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ডিবির সদস্যরা পুরস্কৃত হয়েছেন। চলতি মাসেও তার ব্যতিক্রম ঘটেনি। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এবার পুরস্কার পেয়েছেন ঠাকুরগাঁও ডিবির সদস্য মেহেদী হাসান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ঠাকুরগাঁও জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব বেলাল হোসেনের কাছ থেকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার গ্রহণ করেন তিনি।
জানা যায়, পুলিশ সুপার বেলাল হোসেনের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের মাধ্যমে জেলা পুলিশের সুনাম ও পেশাগত দক্ষতা আরও দৃশ্যমান হচ্ছে।
পুলিশ সুপার বেলাল হোসেন তাঁর উল্লেখযোগ্য ও ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ইতিপূর্বে রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজির কাছ থেকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলার পুরস্কার অর্জন করেন।
এদিকে জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপারের কাছ থেকেও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ঠাকুরগাঁও ডিবির এসআই এরশাদ আলী, এসআই আতিকুজ্জামান, এসআই আশরাফুল ইসলাম, এসআই জীবন রায়সহ ডিবির অন্যান্য সদস্য পুরস্কৃত হয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার মেহেদী হাসানও তাঁর কর্মদক্ষতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন।
এ বিষয়ে ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, একটি দলের সাফল্য কখনো একক কারও অর্জন নয়; বরং সবার সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার ফল। একজন সদস্যের ভালো কাজের স্বীকৃতি পুরো দলের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে।
তিনি আরও বলেন, ডিবির সব কর্মকর্তা ও সদস্যের প্রতি শুভকামনা রইল। বিশেষ করে মেহেদী হাসানের আগামী দিনের কর্মজীবনের সাফল্য কামনা করছি। একজন লিডার হিসেবে দলের সদস্যদের ভালো কাজের স্বীকৃতি ও অর্জনই আমার সার্থকতা।