নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও আন্তরিক ব্যবহারের মাধ্যমে সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে প্রশংসিত হয়ে উঠেছেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণেও স্থানীয়ভাবে তাঁর পরিচিতি রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, বিভিন্ন নথিপত্র ও প্রশাসনিক কাজের সমন্বয় এবং সেবাপ্রত্যাশীদের প্রয়োজনীয় সহযোগিতায় তিনি নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন। কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতা ও দায়িত্বের প্রতি আন্তরিকতার কারণে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্প্রতি সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম রাসেল। চলতি সেপ্টেম্বর মাসে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন কমিটি গঠন করা হয়। এতে তাঁকে সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বি.আর. বিলকিসকে সদস্য সচিব করা হয়।
বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রম জোরদারসহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরও তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা রয়েছে।
স্থানীয়দের মতে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের সঙ্গে সহজ-স্বাভাবিক আচরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে সম্পৃক্ততা তাঁর প্রতি মানুষের আস্থা তৈরিতে ভূমিকা রাখছে।
সোনারগাঁয়ের বিভিন্ন মহলের প্রত্যাশা, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম তাঁর দায়িত্ব ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারি সেবার মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন জনকল্যাণমূলক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখবেন।