নিজস্ব প্রতিবেদক,,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সোনারগাঁয়ে এ উপলক্ষে সচেতনতামূলক প্রচার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে নিজ নিজ বাড়ি, আশপাশের এলাকা ও জলাবদ্ধ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।