পঞ্চগড় প্রতিনিধি:
কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, সেচব্যবস্থার সম্প্রসারণ এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেন, কৃষিকে লাভজনক করতে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার।
শুক্রবার (১৩ নভেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের আওতায় ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়সহ স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফসলি জমির উৎপাদন বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে লাভজনক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা। প্রকল্পের আওতায় ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসন করা হবে। এতে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল, দেবীডুবা ও সুন্দরদিঘী ইউনিয়নের সাত হাজারের বেশি মানুষ উপকৃত হবেন।
প্রকল্পের আওতায় দীর্ঘ ক্যানেলের বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং, পাম্পহাউস ও আউটলেট পুনর্বাসন, কালভার্ট ও অ্যাকুইডাক্ট নির্মাণ এবং মোটর ও পাম্প স্থাপনের কাজ করা হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটির কাজ সম্পন্ন হলে ওই এলাকার সেচ অবকাঠামোর উন্নয়ন হবে। পাশাপাশি কৃষিজমিতে সেচের পানির প্রাপ্যতা বাড়বে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুণ্ড, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী, উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবারক হোসেন হ্যাপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।