মোঃশাকিল আহমেদ পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুর রাজ্জাক (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের দনোমণ্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই এলাকার মোস্তফা আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশু আব্দুর রাজ্জাককে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাকে না পেয়ে একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।