মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে আমির আলী (৩৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নান্দেরাই সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমির আলী উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি নান্দেরাই সরকারপাড়া গ্রামের মো. হাসান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ষড়যন্ত্রের অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা একটি মামলার আসামি তিনি। ২০ জুন ২০২৬ তারিখে দায়ের করা মামলাটির নম্বর ২২ এবং জিআর নম্বর ১৬১। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮, ৯(১), ১০ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আমির আলীকে শুক্রবার (১৩ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।